দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে অতিথিদের দাওয়াত দেওয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় প্রায় তিন ঘণ্টা ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার ( ২৮ জুন) সকাল ৭টার দিকে উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্র জানায়, হামিরদি ও মানিকদি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষকারীরা ছত্রভঙ্গ না হওয়ায় পুলিশ দফায় দফায় ১১ থেকে ১২টি টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ইটপাটকেলের আঘাতে আটজন পুলিশ সদস্য ও একজন সাংবাদিকসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরে সংঘর্ষকারীরা মহাসড়ক দখল করে যান চলাচল বন্ধ করে দেয়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার হামিরদি ইউনিয়নের সচেতন সমাজের উদ্যোগে ইউনিয়নব্যাপী মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের দাওয়াত দেওয়া নিয়ে বিরোধ থেকে সংঘর্ষের ঘটনা ঘটে।
দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বেলা সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএম/